মমিনুল ইসলাম রিপন
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতিসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুরে আয়োজিত এক কর্মসূচিতে দলিল লেখক সমিতির নেতারা এসব দাবি জানান। এ সময় তারা বলেন, রেজিস্ট্রেশন পদ্ধতির আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। তবে এর নামে দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। আধুনিকায়নের সঙ্গে দলিল লেখকদের পেশাগত অধিকার ও নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।
দলিল লেখকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে - দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদার সুযোগ না দেওয়া এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা।
এ ছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করার কারণে পেশাগত দায়িত্ব পালনরত দলিল লেখককে আসামি না করা, দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির দাবি জানানো হয়।
কর্মসূচিতে জেলা দলিল লেখক সমিতির সভাপতি কাজী মো. ওবায়দুল হক বলেন, দলিল লেখকরা পক্ষগণের সরবরাহ করা প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা ও মুসাবিদার কাজ করে থাকেন। তাই কোনো অনিয়মের ঘটনায় প্রকৃত দায় নির্ধারণ না করে পেশাগত দায়িত্ব পালনকারী দলিল লেখকদের আসামি করা থেকে বিরত থাকতে হবে।
এ সময় “৭ দফা দাবি মেনে নাও, নিতে হবে - বাংলাদেশ দলিল লেখক সমিতি জিন্দাবাদ” স্লোগান দেওয়া হয়।কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল রংপুর সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে শহর প্রতিক্ষণ করে প্রেসক্লাবের সামনে নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে আবারো সদর সাব-রেজিস্ট্রার অফিসে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কাজী মো. ওবায়দুল হক, রংপুর সদর সভাপতি মো. সরোয়ার আজাদ, জেলা সাধারণ সম্পাদক শাহীনুর ইবনে শিলু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. মোরশেদুল আজিম দুরন্ত।
এ ছাড়া উপস্থিত ছিলেন রোকনুজ্জামান রোকন, মোজাহিদুল রাব্বি, পীরগঞ্জের সাধারণ সম্পাদক তৈবুর রহমান উত্তাল, মো. আলামিন সরকার মানিক, মো. তুকলেফুল রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দলিল লেখক নেতারা তাদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
দলিল লেখকদের ৭ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ
দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতিসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি।